ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) বগুড়া কেন্দ্রের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বগুড়া শহরের উপশহরে আইইবি ভবনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইইবি বগুড়া কেন্দ্রের চেয়ারম্যান এ এফ এম আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
জেলা প্রশাসক বলেন, প্রকৌশলীরা দেশের অবকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের মেধা ও দক্ষতা অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়; সহমর্মিতা, সততা ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। সবাইকে রমজানের এ শিক্ষা কাজে লাগিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন আইইবি বগুড়া কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম, সেন্ট্রাল কাউন্সিলর মেস্বার জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকন তালুকদার, টিএমএসএস ও বিসিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবিরসহ অন্যরা।
এছাড়া বগুড়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, আইইবি সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।

