ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপের ফাইনালে হারের দিনে চোট পেয়েছেন আর্সেনালের উইলিয়াম সালিবা। অ্যাঙ্কেলের সমস্যায় জাতীয় দল থেকে ছিটকে গেছেন এই ফরাসি ডিফেন্ডার।
জাতীয় দলের হয়ে ৩১টি ম্যাচ খেললেও, কখনও ব্রাজিলের বিপক্ষে খেলা হয়নি সালিবার। কলম্বিয়ার বিপক্ষেও পূর্বে খেলার অভিজ্ঞতা নেই তার। এই দুই দলের বিপক্ষে এবারের আন্তর্জাতিক বিরতিতে খেলবে ফ্রান্স, দিদিয়ে দেশমের দলে ছিলেন তিনি। কিন্তু চোটের ছোবলে সব এলোমেলো হয়ে গেল।
লিগ কাপের ফাইনালে পুরোটা সময়ই অবশ্য খেলেন সালিবা। পরে তার চোটের খবর নিশ্চিত করে ফ্রান্স ফুটবল ফেডেরশন। ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার লাকোয়া ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন। চলতি মৌসুমে তিনি ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন।
বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে খেলোয়াড়দের যাচাই করার এই দুই ম্যাচই দেশমের সামনে শেষ সুযোগ। বৈশ্বিক আসরের জন্য আগামী ১৩ মে স্কোয়াড ঘোষণা করবেন তিনি। আগামী ২৬ মার্চ বস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স।
তিন দিন পর ওয়াশিংটনে কলম্বিয়ার বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আসর চলবে ১৯ জুলাই পর্যন্ত।

