যুক্তরাষ্ট্রের রাজনীতি, সমাজ আর ক্ষমতার কাঠামোকে প্রশ্নের মুখে ফেলা এক সিনেমা এবার অস্কারের মঞ্চে সেরা ছবির পুরস্কার জিতেছে। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিটি মুক্তির পর থেকেই আলোচনায় ছিল। এবার সেই আলোচনাই পৌঁছে গেল অস্কারের শীর্ষ সম্মানে।
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। সমসাময়িক যুক্তরাষ্ট্রের নানা বাস্তবতার সঙ্গে গল্পের মিল পাওয়া যায়।
বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গ আধিপত্যের মতো বিষয় উঠে এসেছে সিনেমাটিতে। এসব উপাদানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে চলচ্চিত্রটি।
তবে বিষয়টি গুরুগম্ভীর হলেও সিনেমাটি নির্মাণ করা হয়েছে বিনোদনের আবহে। গত বছর মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনা তৈরি করে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এই সিনেমা।
এবার অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।
এই সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন। সব মিলিয়ে এবারের অস্কারে সর্বোচ্চ ছয়টি পুরস্কার জিতেছে সিনেমাটি।
সেরা নির্মাতার পুরস্কার জিতে তিনি বলেন, এই স্বীকৃতির জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং তিনি সবাইকে ধন্যবাদ জানান।
অন্যদিকে অনুমিতভাবেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত হ্যামনেট সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পান আইরিশ এই তারকা।
গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা, অ্যাক্টর অ্যাওয়ার্ডস জয়ের পর অস্কারও জিতলেন তিনি। অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা প্রথম আইরিশ অভিনেত্রীও হলেন জেসি বাকলি।
পুরস্কার গ্রহণের সময় অশ্রুসজল চোখে নির্মাতা ক্লোয়ি ঝাওয়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সেরা অভিনেতার পুরস্কারে ছিল বড় চমক। টিমোথি শ্যালামে বা লিওনার্দো ডিক্যাপ্রিও নয়, পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান।
রায়ান কুগলারের হরর সিনেমা সিনার্স এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। পুরস্কার গ্রহণের সময় আগের প্রজন্মের কৃষ্ণাঙ্গ অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান মাইকেল বি জর্ডান।
তিনি বলেন, তারা আগে পথ তৈরি করেছিলেন বলেই আজ তিনি এখানে পৌঁছাতে পেরেছেন।
এদিকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হয়েছে নরওয়ের সিনেমা সেন্টিমেন্টাল ভ্যালু। গত বছর কান উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সমালোচকদের প্রশংসা পেয়েছিল সিনেমাটি।
পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যামি মুলিগান। হরর সিনেমা ওয়েপনস এর জন্য এই পুরস্কার জেতেন তিনি।
পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন শন পেন। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিতে কর্নেল স্টিভেন জে লকজ চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। এটি তার তৃতীয় অস্কার। তবে পুরস্কার নিতে মঞ্চে উপস্থিত ছিলেন না তিনি।
এ ছাড়া নেটফ্লিক্সের মিউজিক্যাল সিনেমা কে পপ ডেমন হান্টার্স সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার পেয়েছে। সিনেমাটির গান গোল্ডেন জিতেছে সেরা গানের পুরস্কার।
বরাবরের মতো এবারও অস্কারের মঞ্চে রাজনীতির ছোঁয়া ছিল। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করতে গিয়ে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম যুদ্ধবিরোধী বক্তব্য দেন।
তিনি বলেন, যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন। তার এই বক্তব্যের পর অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের জোরালো করতালি শোনা যায়।

