ব্যাটে ও বলে দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাস গড়লেন মাইকেল লিস্ক। ইতালির বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ জিতিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে একাধিকবার ম্যাচ সেরার পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন তিনি।
কলকাতায় সোমবার প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া ইতালিকে ৭৩ রানে হারায় স্কটল্যান্ড। ব্যাটিংয়ে ২০৭ রানের বড় সংগ্রহ গড়ে পরে ইতালিকে ১৩৪ রানে গুটিয়ে দেয় দলটি।
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম দুইশ রানের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিস্ক। ইনিংসের শেষ দিকে পাঁচ বল মোকাবিলা করে দুটি ছক্কা ও দুটি চারে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি।
বল হাতেও ছিলেন ভয়ংকর। অফ স্পিনে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন লিস্ক, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিং। এর আগে তার সেরা ছিল ১১ রান দিয়ে ৩ উইকেট।
এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার, দুটিই এসেছে বিশ্বকাপের মঞ্চে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে একবার করে ম্যাচ সেরা হয়েছেন রিচি বেরিংটন, জশ ডেভি, ক্রিস গ্রেভস, ম্যাট মাচান, ব্র্যান্ডন ম্যাকমুলেন ও জর্জ মানজি।
পুরস্কার জয়ের পর লিস্ক বলেন, ‘ব্যক্তিগত স্বীকৃতির চেয়ে দলের জয়ই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। পুরো দলের পারফরম্যান্সেই আমি সবচেয়ে বেশি খুশি। আমাদের প্রস্তুতির সময় খুব বেশি ছিল না, অল্প নোটিশে এমন পারফরম্যান্স আমাদের নিবেদন ও পরিশ্রমেরই প্রমাণ।’
বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড বিশ্বকাপ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে। আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

