অভিমান ভেঙে ফিরেছেন ‘মোহামেডানের প্রাণভোমরা’

0
অভিমান ভেঙে ফিরেছেন ‘মোহামেডানের প্রাণভোমরা’

চার বছরেরও বেশি সময় ধরে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তার উপস্থিতিতেই ১৪ বছর পর দলকে জিতিয়েছেন ফেডারেশন কাপের শিরোপা।

পেশাদার যুগে সেটিই মোহামেডানের প্রথম লিগ শিরোপা। কিন্তু এই মৌসুমের প্রথম পর্বের শেষ রাউন্ডের আগে পারিবারিক কারণ দেখিয়ে হঠাৎ ক্লাব ছাড়ার ঘোষণা দেন মুজাফফর মুজাফফরভ।

ফেসবুক পোস্টের মাধ্যমে মুজাফফরভের বিদায়ের বার্তা মেনে নিতে পারেননি ক্লাবটির ভক্ত-সমর্থকেরা। তবে ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরুর আগে ফের সাদা-কালো শিবিরে ফিরেছেন উজবেক মিডফিল্ডার। 

দুইদিন আগে ক্লাবে যোগ দিয়েছেন মুজাফফরভ। ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। ২০২২ সালে নিজ দেশের ক্লাব ডায়নামো সামারকান্দ থেকে মোহামেডানের যোগ দেন মুজাফফরভ। এরপর থেকেই মোহামেডানের মাঝমাঠের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। এখন পর্যন্ত ৫৩ ম্যাচে ১১ গোল করা এই ফুটবলার শুধু পরিসংখ্যানেই নয়, প্রভাবেও ছিলেন অনন্য। 

১৪ বছর পর মোহামেডানের ফেডারেশন কাপ জয় এবং প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা ঘরে তোলায় বড় অবদান ছিল মুজাফফরভের। বল নিয়ন্ত্রণ, আক্রমণ গড়া এবং নেতৃত্বগুণ সব মিলিয়ে সমর্থকদের কাছে তিনি হয়ে ওঠেন ‘মোহামেডানের প্রাণভোমরা’।

তবে ক্লাবের সঙ্গে বেতন-ভাতা নিয়ে কিছুটা টানাপড়েন চলছিল বলে জানা গেছে। শেষ পর্যন্ত সেই অভিমান কাটিয়ে আবারও পুরোনো ঠিকানায় ফিরেছেন তিনি, যা দুই পক্ষের জন্যই ইতিবাচক বার্তা বহন করছে।

এদিকে মধ্যবর্তী দলবদল এবং জাতীয় নির্বাচনের কারণে দুই মাসের বিরতির পর ৬ মার্চ আবার মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগ। ওই দিন চারটি ম্যাচ হবে। মানিকগঞ্জে মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাব। গাজীপুরে খেলবে বাংলাদেশ পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়ন। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস মুখোমুখি হবে পিডব্লিউডি এসসির। আর কুমিল্লায় আবাহনী খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে। পরদিন ৭ মার্চ কুমিল্লায় মোহামেডানের প্রতিপক্ষ ফর্টিস এফসি।

লিগের বাকি অংশে শিরোপা লড়াই জমে উঠবে বলেই প্রত্যাশা। সেই লড়াইয়ে মুজাফফরভের প্রত্যাবর্তন কতটা পার্থক্য গড়ে দেয়, এখন সেটিই দেখার অপেক্ষা। সাদা-কালো সমর্থকদের আশা, মাঝমাঠের এই কুশলী আবারও নেতৃত্ব দেবেন সাফল্যের পথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here