অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান কাতারের

0
অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান কাতারের

চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানি বলেছেন, যুদ্ধ যত দ্রুত সম্ভব থামাতে হবে, নইলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়বে।

এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কাতারের প্রধান ইরানকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে উল্লেখ করে বলেন, এই সংঘাত আরও বিস্তৃত হলে তা কখনোই স্থিতিশীলতা বয়ে আনবে না।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলার যে দাবি ইরান করছে, তা ‘অগ্রহণযোগ্য ও অযৌক্তিক’।

কাতারের প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, তাদের রাস লাফান গ্যাস স্থাপনায় সাম্প্রতিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু কাতারের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। এই ধরনের হামলা বিশ্বজুড়ে লাখো মানুষের ওপর প্রভাব ফেলবে।

এদিকে কাতারএনার্জির প্রধান সাদ আল-কাবি জানিয়েছেন, ইরানের হামলায় দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ১৭ শতাংশ সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুরোপুরি মেরামত করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।

তিনি বলেন, দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ চুক্তিগুলোতেও এর প্রভাব পড়বে। ইতোমধ্যে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কাতারের পক্ষ থেকে বারবার বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের আহ্বান জানানো হচ্ছে। তাদের বক্তব্য, সংঘাত এভাবে চলতে থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বব্যাপী বড় সংকট তৈরি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here