নির্বাচনী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করতে হটলাইন খোলার ঘোষণা দিয়েছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে ঝিনাইগাতী ধানহাঠিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, আমি একটি মোবাইল নম্বর (হটলাইন) দিবো, এ নম্বরে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকসহ যে কোন অনিয়মের তথ্য দিয়ে ম্যাসেজ করবেন, প্রয়োজনে ফোনে কল দিবেন। এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম বন্ধে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। তথ্য প্রদানকারির পরিচয় গোপন রাখা হবে।
নির্বাচনে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত কাজ শুরু করা হবে বলেও প্রতিশ্রুতি দেন এই সাংসদ।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

