মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের সহধর্মিণী, মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক মিসেস আমেনা আহমদ (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা আইভি আহমদসহ অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
ন্যাপের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও উপজেলা ন্যাপের সভাপতি অনিল চক্রবর্তী জানান, আমেনা আহমদ ইডেন কলেজে অধ্যয়নকালে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি সংগঠকের ভূমিকা পালন করেন। এছাড়া ১৯৯০ সালের গণআন্দোলনসহ গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন।
তিনি ২০০৯ ও ২০১৪ সালে গঠিত জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আজীবন বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় এই নেত্রীর মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্রসমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে বাদ এশা জানাজা শেষে স্বামী অধ্যাপক মোজাফফর আহমদের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

