অডিশনে ভদ্রতা দেখাতে গিয়ে কাজ হারিয়েছিলেন ডাকোটা জনসন

0
অডিশনে ভদ্রতা দেখাতে গিয়ে কাজ হারিয়েছিলেন ডাকোটা জনসন

হলিউডের সাড়া জাগানো অভিনেত্রী ডাকোটা জনসন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একবার অডিশনে শুধু ভদ্রতা দেখাতে গিয়ে তিনি কাজটি হারিয়েছিলেন।

যুক্তরাজ্যের রেডিও শো হিটস রেডিওতে নতুন সিনেমা ‘স্প্লিটসভিল’-এর প্রচারণা করতে গিয়ে তিনি এ অভিজ্ঞতার কথা বলেন। জনসন জানান, এটি ছিল একটি কলব্যাক অডিশন। রুমে ঢুকে তিনি উপস্থিত সবার সঙ্গে হাত মেলান এবং নিজের পরিচয় দেন। এরপর তিনি নির্ধারিত দৃশ্যে অভিনয় করেন। কিন্তু ফলাফল ছিল অপ্রত্যাশিত। পরে তাকে জানানো হয়, তার এ আচরণকে অহংকারী ও অতিরিক্ত আত্মবিশ্বাসী হিসেবে দেখা হয়েছে। 

অভিনেত্রী বলেন, ‘আমাকে বলা হয়েছিল, অডিশনে আমি নাকি অহংকারী ছিলাম। অথচ আমি সবাইকে খুশি করার চেষ্টা করছিলাম, শুধু ভদ্রতা দেখিয়েছিলাম। কিন্তু তারা জানাল, আমি নাকি খুব বেশি অহংকারী ছিলাম।’

বর্তমানে জনসন ব্যস্ত আছেন তার নতুন গভীর কমেডি সিনেমা ‘স্প্লিটসভিল’-এর প্রচারণায়। সিনেমাটি প্রথমে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং পরে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এতে তিনি শুধু অভিনয়ই করেননি, বরং প্রযোজনার দায়িত্বেও ছিলেন।

তিনি নিজের প্রযোজনা সংস্থা টি টাইম পিকচারসের মাধ্যমে সিনেমাটি প্রযোজনা করেন, যার সহপ্রযোজনায় আছেন রো ডোনেলি। জনসন জানান, নিজের প্রযোজনা সংস্থা শুরু করার উদ্দেশ্য ছিল চলচ্চিত্রে আরো সৃজনশীল নিয়ন্ত্রণ পাওয়া এবং শিল্পীদের মধ্যে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা।

স্প্লিটসভিল সিনেমাটি পরিচালনা করেছেন মাইকেল অ্যাঞ্জেলো কভিনো। এতে আরো অভিনয় করেছেন অ্যাড্রিয়া আরজোনা ও কাইল মারভিন। গল্পে দেখা যায়, দুই দম্পতির সম্পর্ক এক অপ্রত্যাশিত ঘটনায় জটিল হয়ে ওঠে, যা তাদের ব্যক্তিগত জীবনকে উলটপালট করে দেয়।

নিজের কাজে অভিজ্ঞতা সম্পর্কে জনসন বলেন, ‘সেটে এমন পরিবেশ তৈরি করা হয়, যেখানে সবাই নিজেদের কাজের অংশ হিসেবে অনুভব করে।’ তার মতে, দীর্ঘ ও কঠিন শুটিংয়ের মাঝেও এ সহযোগিতামূলক পরিবেশ কাজকে আরো সহজ ও আনন্দদায়ক করে তোলে।

ডাকোটা জনসনের এ অভিজ্ঞতা দেখায়, হলিউডে কখনো কখনো সাধারণ ভদ্রতাও ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে। তবে তিনি বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও শক্ত অবস্থান তৈরি করে নিজের ক্যারিয়ারকে আরো বিস্তৃত করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here