আবাসিক গ্রাহকদের নিম্নস্তরের দুই ধাপে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের আবেদন করা হয়েছে। লাইফলাইন গ্রাহক (৫০ ইউনিট পর্যন্ত) এবং প্রথম ধাপে (৭৫ ইউনিট পর্যন্ত) আগের দাম বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। এ বিষয়ে বিইআরসিকে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।
গত ৩ জুন ঘোষিত নতুন ট্যারিফ অনুযায়ী, আবাসিকে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।
এরই মধ্যে প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন ট্যারিফ পুনঃবিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পুনঃনির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক প্রেরিত প্রান্তিক (লাইফ লাইন) গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি- যা বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিদ্যুৎ বিভাগ মনে করে এর ফলে প্রান্তিক গ্রাহকগণ (লাইফলাইন) বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় অনেক বেড়ে যাবে ফলে তাদের জীবনযাত্রার উপর বিরুপ প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, দেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবন যাত্রার মান বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ নিয়েছে। ফলে প্রান্তিক গ্রাহকদের (লাইফলাইন) জন্য পুনঃনির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর পরিপ্রেক্ষিতে পুনঃনির্ধারিত ট্যারিফ পর্যালোচনা করে প্রান্তিক গ্রাহকদের (লাইফলাইন) জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বুধবার পাঠানো প্রস্তাবের আলোকে পুনঃনির্ধারনের জন্য বিদ্যুৎ বিভাগ হতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে।

