যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার কাছ থেকে নকলের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।
যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান ফারুক জানান, শুক্রবার বিকেল চারটার দিকে পরীক্ষা চলাকালে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে ইশতিয়াক আহমেদ নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়। ঘটনাটি ঘটে কলেজের কলা ভবনের ১১৬ নম্বর কক্ষে। পরীক্ষার্থী ইশতিয়াক আহমেদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম তাকে তল্লাশি করে নকলের কাজে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস উদ্ধার করেন।
এদিকে যশোর ইসলামিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে বেলাল হোসেন খান নামে আরও একজনকে আটক করা হয়েছে। কেন্দ্র সচিব রেজাউল হক জানান, জাহিদ হাসান নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে বেলাল হোসেন খান পরীক্ষা দিচ্ছিলেন। প্রবেশপত্রের ছবির সঙ্গে তার চেহারার মিল না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে আটক ইশতিয়াক আহমেদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ইসলামিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে আটক বেলাল হোসেন খানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

