মোসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

0
মোসাব্বির হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, তৈয়বুর রেজা, মোমিন খন্দকার ডালিম এবং সদস্য সচিব শামস মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করে নির্বাচন বানচালের অপচেষ্টা কখনোই সফল হবে না। তারা অবিলম্বে আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার কিছু পর রাজধানীর তেজতুরী বাজার এলাকার স্টার কাবাবের পাশের একটি গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির। এ সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানা ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ গুলিবিদ্ধ হন। 

এ ঘটনায় পরদিন তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয়ের চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন নিহত মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here