মোংলায় ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধকরণে বৃক্ষরোপণ কর্মসূচি

0
মোংলায় ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধকরণে বৃক্ষরোপণ কর্মসূচি

উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে মোংলায় ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ম্যানগ্রোভ বনাঞ্চর সমৃদ্ধকরণে ‘রেইন ফর লাইফ প্রোজেক্ট’-এর আওতায় বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চিলা ইউনিয়নের কলাতলা গ্রামের পশুর নদের পাড়ে এ কর্মসূচি পালন করা হয়। 

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস। বৃক্ষরোপণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা তৃপ্তি সরদার, সাহানা বেগম, বিএনপি নেতা সুরাজ মন্ডল ও ইয়ুথ লিডার ইমন। 

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, সরকার ৫ বছরে ২৫ কোটি গাছ লাগাবে। সরকারি-বেসরকারি সংস্থা যৌথভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। মোংলা উপজেলা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ব্র্যাক’র ম্যানগ্রোভ বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকূলের মানুষসহ প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। গাছরোপণ এবং তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

উল্লেখ্য, প্রকল্পের আওতায় চিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিখালী ও কেয়াবুনিয়া গ্রামে পুরোনো ম্যানগ্রোভ বনাঞ্চলের ভেতরের ফাঁকা স্থানগুলোতে বাইন ও কাঁকড়া প্রজাতির গাছের চারা রোপণ এবং কেওড়া, পশুরসহ অন্যান্য উপযোগী ম্যানগ্রোভ প্রজাতির বীজ বপন করাসহ ৩৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। প্রকল্প এলাকার রাস্তার একপাশে প্রায় ১ কিলোমিটার জুড়ে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এই বনায়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here