মুন্সীগঞ্জে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

0
মুন্সীগঞ্জে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা ইলিয়াছ মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিধি মোতাবেক তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রওশন আরা মেম্বার (৫৫) এবং তার ছেলে বিপ্লব (৩৫)। তাদের মধ্যে বিপ্লব মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান আসামি।

পুলিশ জানায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াছ মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০ জুন রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে উপজেলার কোলা গ্রাম থেকে মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি রওশন আরা মেম্বারকে গ্রেফতার করা হয়। এরপর প্রায় ১২ ঘণ্টার মধ্যে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রধান আসামি বিপ্লবকে গ্রেফতার করে পুলিশ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম আসামি রওশন আরা মেম্বারকে গ্রেফতারের পর ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি বিপ্লবকে আটক করা হয়।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here