গাজীপুরের একটি মসজিদে জুমার নামাজের সময় জাল নোট দিয়ে দান করার পাশাপাশি ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তি মুসল্লিদের হাতে আটক হয়েছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক হওয়ার সময় তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন।
আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ জুন) মহানগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। শনিবার (২০ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করতে চান এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এ সময় এক মুসল্লির সন্দেহ হলে নোট দুটি পরীক্ষা করা হয়। পরে আরও কয়েকজন নিশ্চিত হন যে নোট দুটি জাল। এরপর তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন গাছা থানায় লিখিত অভিযোগ করেন।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, আটক ব্যক্তির কাছ থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

