মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি

0
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্য করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশটির জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনও হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তিশালীভাবে দেওয়া হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে আরাগচি বলেন, “আমাদের জনগণ এবং দেশের নেতৃত্বের বিরুদ্ধে যেকোনও ধরনের হুমকি তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়ার মুখে পড়বে।”

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মন্তব্য করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত করা হয়েছে’। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের ছাড় আদায়ের চেষ্টা করছে এবং দেশটিকে কখনওই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে কাটজ বলেন, ইরানিরা ‘দক্ষ ব্যবসায়ীর মতো’ আলোচনায় সুবিধা আদায়ের চেষ্টা করছে। তবে ইসরায়েল কোনও অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।

কাটজের বক্তব্যের জবাবে আরাগচি যুক্তরাষ্ট্রকেও ইঙ্গিত করে কড়া ভাষায় মন্তব্য করেন।

তিনি বলেন, “ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো একেবারে স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেল আবিবে তাদের পোষা প্রাণীদের নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা যদি তাদের অভিভাবক তথা মনিবের (মাস্টার) কথা না শোনে, তাহলে ইরান তাদের শিক্ষা দেবে।”

আরাগচির এই মন্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরায়েলকে সংযত রাখার দায়িত্ব ওয়াশিংটনের।

উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা
বিশ্লেষকদের মতে, ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।

সাম্প্রতিক সময়ে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে বাকযুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষের এমন কঠোর ভাষার বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েল অভিযোগ করে আসছে, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here