ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে সালিশি বৈঠকে হামলায় নিহত শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন নিহত জাহাঙ্গীর আলমের বড় ছেলে হৃদয় মিয়া, ভাই মাসুম মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আদিবুল ইসলাম সৌরভ, ওলামা দলের সভাপতি শেখ মনির হোসেন, শ্রমিক দলের সভাপতি শেখ কামাল, যুবদলের সভাপতি শেখ সফিকুল ইসলাম এবং সদর উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তারসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে সালিশি বৈঠককে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমকে (৫০) হত্যা করা হয়েছে। তারা অভিযুক্ত শিপন ও বাবুসহ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুমিল্লা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেয়।
উল্লেখ্য, গত ১৫ জুন সুলতানপুর উত্তরপাড়া এলাকায় একটি সালিশি বৈঠকে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সুলতানপুর উত্তরপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে ও স্থানীয় শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলমসহ কয়েকজন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

