বিশ্ব ইলেক্ট্রিক গাড়ির বাজারে টেসলাকে হটিয়ে শীর্ষে বিওয়াইডি

0
বিশ্ব ইলেক্ট্রিক গাড়ির বাজারে টেসলাকে হটিয়ে শীর্ষে বিওয়াইডি

বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি (ইভি) নির্মাতার মুকুট হারাল মার্কিন প্রতিষ্ঠান টেসলা। ২০২৫ সালের সামগ্রিক বিক্রির পরিসংখ্যানে টেসলাকে অনেকটা পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে চীনা প্রতিদ্বন্দ্বী বিওয়াইডি। 

সম্প্রতি প্রকাশিত তথ্যানুযায়ী, বিদায়ী বছরে (২০২৫) টেসলা মোট ১৬ লাখ ৪০ হাজার গাড়ি সরবরাহ করেছে, আগের বছরের তুলনায় এটি প্রায় ৯ শতাংশ কম। টানা দ্বিতীয় বছরের মতো বিক্রিতে এই নিম্নমুখী প্রবণতার জন্য প্রধান নির্বাহী ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে বিনিয়োগকারীদের উদ্বেগ এবং আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতাকে প্রধান কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।

অন্যদিকে গত বছর মোট ২২ লাখ ৬০ হাজার গাড়ি বিক্রির মাইলফলক স্পর্শ করে ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে চীনের বিওয়াইডি। বিশেষ করে ২০২৫ সালের শেষ তিন মাসে টেসলার বিক্রি প্রত্যাশার চেয়ে অনেক কম হওয়ায় ব্যবধান আরও স্পষ্ট হয়েছে। 

অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে টেসলা ৪ লাখ ১৮ হাজার ২২৭টি ইউনিট সরবরাহ করলেও বাজার বিশ্লেষক সংস্থা ফ্যাক্টসেটের পূর্বাভাস ছিল অন্তত ৪ লাখ ৪০ হাজার। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে সেপ্টেম্বরের শেষ থেকে সাড়ে সাত হাজার ডলারের করছাড় ধাপে ধাপে বন্ধ হয়ে যাওয়াও টেসলার চাহিদাতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিক্রি কমলেও ২০২৫ সাল শেষে টেসলার শেয়ারের দাম প্রায় ১১ শতাংশ বেড়েছে। মূলত ইলন মাস্কের ঘোষিত রোবোট্যাক্সি সেবা এবং ঘর ও অফিসে কাজ করতে সক্ষম মানবাকৃতি রোবটের ভবিষ্যৎ পরিকল্পনা বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলছে। গত শুক্রবার বাজার খোলার আগে টেসলার শেয়ারদর কিছুটা বাড়লেও পরে লেনদেনের শুরুতে তা ৪৫০.২৭ ডলারে স্থিতিশীল ছিল। অক্টোবর মাসে সাশ্রয়ী মূল্যের ‘স্ট্রিপড-ডাউন’ মডেল ওয়াই এবং মডেল থ্রি বাজারে এনে এশীয় ও ইউরোপীয় প্রতিযোগীদের মোকাবিলার চেষ্টা করেছিলেন মাস্ক। ৪০ হাজার ডলারের নিচে দামের এই মডেলগুলো বিক্রি বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে ভাবা হয়েছিল।

আগামী জানুয়ারির শেষে চতুর্থ প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের কথা রয়েছে, যেখানে বিশ্লেষকরা টেসলার আয় এবং মুনাফায় বড় ধরনের হ্রাসের পূর্বাভাস দিচ্ছেন। তবে ২০২৬ সালের দিকে কোম্পানিটি আবার ঘুরে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই ইলন মাস্কের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে আদালত ও শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত। ডেলাওয়ার সুপ্রিম কোর্ট মাস্কের বাতিল হওয়া বিশাল অংকের পারিশ্রমিক প্যাকেজ বহাল করার পাশাপাশি নতুন চুক্তিতে আগামী ১০ বছরে কোম্পানি অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে তার আয় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here