চ্যাম্পিয়ন্স লিগে বর্ণবাদী আচরণের অভিযোগে আর্জেন্টাইন উইঙ্গার প্রেসতিয়ানির ছয় ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী বাড়ানো হয়েছে। ফলে জুনে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না এই ফুটবলার।
বুধবার (৬ মে) ফিফার একজন মুখপাত্র বলেন, ফিফা শৃঙ্খলা কমিটি এসএল বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেসতিয়ানির ওপর উয়েফা কর্তৃক আরোপিত ছয় ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। ফিফা শৃঙ্খলাবিধির ৭০ নং ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের প্রতি ‘বৈষম্যমূলক’ এবং ‘হোমোফোবিক’ আচরণের দায়ে আর্জেন্টাইন উইঙ্গার প্রেস্তিয়ানিকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয় উয়েফা। যার মধ্যে তিনটি ম্যাচ পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত রাখা হয়।
এই নিষেধাজ্ঞার আওতায় উয়েফা ক্লাব প্রতিযোগিতার খেলা বা প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য, তবে প্রীতি ম্যাচ বা ঘরোয়া লিগের ম্যাচের ক্ষেত্রে নয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে না পারায় প্রেসতিয়ানি ইতোমধ্যেই এক ম্যাচের অস্থায়ী নিষেধাজ্ঞা ভোগ করেছিলেন। তবে ২০ বছর বয়সী ফুটবলার আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত, নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তিনি শেষ মুহূর্তে বদলি হিসেবে আর্জেন্টিনার হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন।
উল্লেখ্য, আর্জেন্টিনা ১৬ জুন গ্রুপ ‘জে’-এর প্রতিপক্ষ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে এবং এরপর অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে।

