২০২৬ সালের বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়েছে। তবে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বলেছেন, এখনো দল চূড়ান্ত হয়নি।
স্কালোনি সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্টুডিওতে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমাদের কাছে প্রায় ৫০ জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা আছে। তাদের সামর্থ্য প্রায় সমান। চোট বা খারাপ পারফরম্যান্সের ক্ষেত্রে কোনো ছাড় নেই। তাই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’
স্কালোনি আরও বলেন,‘শেষ বিশ্বকাপে টুর্নামেন্টের কাছাকাছি গিয়ে কিছু খেলোয়াড় চোটে পড়েছিল। তাই কাউকে আগে থেকেই বাদ দেওয়া ঠিক হবে না। এ কারণেই প্রাথমিক তালিকাটা বড় রাখা হয়েছে।’
২০২২ সালের বিশ্বকাপ জয়ী দলের অনেক খেলোয়াড় এবারে ফের আর্জেন্টিনার স্কোয়াডে থাকবেন। স্কালোনি বলেন, ‘তাদের বয়স এখন আদর্শ এবং তাদের পারফরম্যান্স থেকে বোঝা যায় তারা যোগ্য। বয়সের চেয়ে মাঠে পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। তাই অনেককে আমরা ফের ডেকেছি।’
বিশ্বকাপের আর্জেন্টিনা দল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় লিওনেল মেসির প্রসঙ্গে। ৩৮ বছর বয়সী কিংবদন্তি আগামী বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনও চূড়ান্ত নয়। মেসি নিজে আগ্রহ প্রকাশ করেছেন, তবে স্কালোনি জানিয়েছেন, এখনো কোনো প্রতিশ্রুতি নেই। “এ বিষয়ে চাপ তৈরি করা উচিত নয়, সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দেওয়া ভালো,” বলেছেন কোচ।
২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার গ্রুপ ‘জে’-তে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। স্কালোনি বলেছেন, “আলজেরিয়া শক্তিশালী কোচের অধীনে ভালো দল, জর্ডান অপ্রত্যাশিতভাবে ভালো করেছে, এবং অস্ট্রিয়া হাই প্রেসিং ফুটবল খেলেন এমন কোচের সঙ্গে এসেছে। গ্রুপটি কঠিন হবে, পরের ধাপগুলো আরও চ্যালেঞ্জিং।

