বিকেএসপির প্রথম থিম সং উন্মুক্ত

0
বিকেএসপির প্রথম থিম সং উন্মুক্ত

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পেল তাদের নিজস্ব থিম সং। বিকেএসপির ৩৯ বছরেও অফিশিয়াল কোনো থিম সং ছিল না। ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কণা, মৌমিতা নদী ও সজীব দাস। 

গানটির সুর করেছেন বেলাল খান। সংগীত আয়োজন করেছেন সজীব দাস। গানটির কথা লিখেছেন নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকরা। গতকাল বিকেএসপির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হয়েছে। 

গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘বিকেএসপির জন্য গান করা আমার কাছে আনন্দের বিষয়। শৈশব থেকে দেখেছি, এখানে খেলাধুলা ও পড়াশোনার চমৎকার সমন্বয় রয়েছে। এই সুযোগ বহু তরুণকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে। তাদের জন্য গানটি করতে পেরে ভালো লাগছে।’

এর আগে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘গানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বিকেএসপির জন্য কোনো গান তৈরি হলো। এতে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্ব ক্রীড়াঙ্গনে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় ও বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। এটি দেশের বর্তমান ও আগামী প্রজন্মকে স্বপ্নচারী হতে উদ্বুদ্ধ করবে। আমি বিশ্বাস করি, এই থিম সং প্রতিটি ক্যাডেটকে আরো দৃঢ়প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে। একদিন তারা স্বদেশের পতাকা অলিম্পিকসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে উড়াবে।’

থিম সংয়ের ভিডিও চিত্রে মডেল হয়েছেন খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, ফুটবলার মোরসালিন, মামুনুল হক, ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here