বগুড়া-৪ আসনে বিএনপিতে যোগ দিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি

0
বগুড়া-৪ আসনে বিএনপিতে যোগ দিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মোশারফ হোসেনের ক্লিন ইমেজে আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছেন ছাত্রশিবির সেক্রেটারি আল আমিন।

শুক্রবার বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের ছাত্র সংগঠনের ওই নেতা। তিনি কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রশিবির সেক্রেটারি ছিলেন।

পরে এক বিবৃতিতে জানানো হয়, মোশারফ হোসেনের বগুড়া শহরের বাসায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার রাজনৈতিক কক্ষে উপস্থিত হয়ে বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন শিবির নেতা আল আমিন। তাকে ফুলের মালা পরিয়ে বরণ এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান মোশারফ হোসেন।

এসময় কাহালু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, ইউপি সদস্য মঞ্জুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রশিবির ত্যাগ করে বিএনপিতে আসা আল আমিন বলেন, ২০২০ সাল থেকে জামায়াতে ইসলামীর রাজনীতি করেছি। ওয়ার্ড ছাত্রশিবির সভাপতির দায়িত্বে ছিলাম। ২০২৪ সাল থেকে দুর্গাপুর ইউনিয়ন ছাত্রশিবির সেক্রেটারি। আগেকার জামায়াত আর এখনকার জামায়াত এক নয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ পতনের পর ক্ষমতার লোভে যেনতেন অবস্থা। ধর্ম পুঁজি করে অনেকে ক্ষমতার রাজনীতি করে। ইসলাম বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করতে চাই না।

তিনি বলেন, বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেন বগুড়া-৪ আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। তার ক্লিন ইমেজ আর ধানের শীষ প্রতীকের প্রতি এখানকার সবারই আস্থা রয়েছে। শহীদ জিয়ার আদর্শ এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে। নিজের ইচ্ছায় বিএনপিতে যোগদান করেছি। যোগদানের পর থেকেই বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমার সিদ্ধান্ত কখনোই পরিবর্তন হবে না।

এর আগে বিএনপির ক্লিন ইমেজের প্রার্থী মোশারফ হোসেনের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে নন্দীগ্রাম উপজেলায় দলত্যাগ করে বিএনপিতে যোগ দেন জামায়াতের ২০ নেতাকর্মী ও সমর্থক। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন। পৌর এলাকার ঢাকইর মহল্লায় আয়োজিত সমাবেশে আনুষ্ঠানিকভাবে নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করেন মোশারফ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here