বগুড়ার শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিসিবির পরিচালক বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, অধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, জাতীয় বাজেটে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমানে এই খাতে জিডিপির ২শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। যা আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এর আগে সকাল দশটায় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ শেরপুর পৌর শহরের টাউন কলোনি পাড়াস্থ শেরপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করেন। এরপর শেরপুর টাউন কলোনি এসে উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এছাড়া শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

