‘নেইমার শিগগিরই দলে ফিরে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে’

0
‘নেইমার শিগগিরই দলে ফিরে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে’

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ চলছে। অথচ ব্রাজিল দলে নেই নেইমার। কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ইচ্ছা করেই দলের সেরা তারকাকে বাইরে রেখেছেন তিনি। এই সুযোগে বাকিদের পরখ করে নিতে চান। এর মধ্যে নেইমারকেও ফিট হতে সময় দিতে চান তিনি। এখন সবার মনে প্রশ্ন, নেইমার কি ফিট হয়ে ফিরতে পারবেন?

২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের হয়ে খেলেছেন নেইমার। গুরুতর হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৫ সালে দরিভাল জুনিয়রের দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে মাঠে নামা হয়নি। চোটের যে অবস্থা, ২০২৬ বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন কিনা; তা নিয়েও আছে ঘোর সংশয়।

তবে উত্তরসূরীর প্রত্যাবর্তন নিয়ে ভীষণ আশাবাদী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। নেইমার প্রসঙ্গে ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘আমি বিশ্বাস করি এটা শুধু সময়ের ব্যাপার। নামটা কিন্তু নেইমার, তাই এখানে ফেরার প্রশ্ন নেই। খুব শিগগিরই সে আমাদের হয়ে ফিরবে। আর আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে।’

আনচেলত্তির সঙ্গে এসি মিলানে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে দিনহো বলেন, কার্লো তো মাত্রই এসেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। সফল কোচ, অভিজ্ঞতায় ভরপুর। আমি তার জন্য শুভকামনা জানাই। আশা করি তিনি ব্রাজিলকে আবার শীর্ষে ফেরাতে পারবেন।

২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটে রেখেছে ব্রাজিল। তাই বাকি ম্যাচগুলোতে আনচেলত্তি নতুন খেলোয়াড়দের যাচাই করতেই মনোযোগী হচ্ছেন। তবে সমর্থকদের মতোই নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছেন  ব্রাজিলের সাবেক তারকারা। আর নেইমারকে দলে পেলে ব্রাজিলের স্কোয়াড যে আরও শক্তিশালী হবে তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here