চলতি বছরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার একটি ম্যাচকে ঘিরে তদন্ত করছে আইসিসি। সিবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, ওই ম্যাচে ফিক্সিংয়ের মূল পরিকল্পনাকারী হিসেবে লরেন্স বিশনোই গ্যাং জড়িত থাকতে পারে।
আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) কানাডা অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার পারফরম্যান্স খতিয়ে দেখছে। ওই ম্যাচে তার করা একটি ওভারে তদন্তের আওতায় আনা হয়েছে। এছাড়াও তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার মোবাইল ফোন তল্লাশি করা হয়েছে।
বিশ্বকাপ শুরু হওয়ার তিন সপ্তাহ আগে ২২ বছর বয়সী বাজওয়াকে কানাডার অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়। তার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, তাকে সমর্থন করার জন্য দলের খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে সমর্থন না করলে গুরুতর পরিণতির হুমকিও দেওয়া হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, বিষ্ণোই গ্যাং হুমকির মাধ্যমে খেলোয়াড়দের প্রভাবিত করত। কয়েকজন খেলোয়াড়ের কাছে গিয়ে দলের নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সমর্থন করতে বলা হয়েছিল। একটি হুমকি বার্তার বর্ণনা দিতে গিয়ে নোয়া বলেন, আমরা জানি তুমি কোথায় থাকো। তুমি বিষ্ণোই গ্রুপের হাত থেকে পালাতে পারবে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরিস্থিতি কর্মকর্তাদেরও প্রভাবিত করেছিল, তাদের মধ্যে কেউ কেউ পদত্যাগ করেন এবং অন্যরা পুলিশের সুরক্ষা চান।
এদিকে তদন্তের অংশ হিসেবে ক্রিকেট কানাডার অভ্যন্তরে দুর্নীতির অন্যান্য অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। কানাডা দলের সাবেক কোচ পুবুদু দাসানায়েক সাক্ষাৎকার দিয়েছেন এবং দাবি করেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দল নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত প্রভাব খাটানো হয়েছিল।
এছাড়াও কানাডার খেলোয়াড়রা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানির অংশ পেতে বিলম্বের সম্মুখীন হয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চার মাসের জন্য চুক্তিবদ্ধ থাকার আগে, ২০২৫ সালের জুলাই মাস থেকে জাতীয় দলের খেলোয়াড়রা চুক্তিবিহীন ছিলেন।
চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কানাডা দুই পেসারকে নিয়ে খেলা শুরু করে। জাসকরণ সিং এবং ডিলন হেইলিগার মিলে ৩৫ রান দেন। এরপর আক্রমণে স্পিন বোলার আনা হয় এবং সাদ বিন জাফর একটি উইকেট মেডেন ওভার করেন। এরপর বাজওয়া পঞ্চম ওভারে বল করতে আসেন।
বাজওয়া ওই ওভারে ১৫ রান দেন, যার মধ্যে একটি নো-বল এবং লেগ সাইডের একটি ডেলিভারি ছিল, যা থেকে দুটি ওয়াইড হয়। ওই ওভারটি ফিক্সিংয়ের জন্য তদন্তাধীন রয়েছে।

