ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে স্কুল পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক)। বৃহস্পতিবার(১৮ জুন) দুপুরে হাই স্কুলের অ্যাসেম্বলিতে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ প্রতিপাদ্যেকে ধারণ করে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতন বাড়াতে হবে। সবাই যদি নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে এবং সচেতন থাকে তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রশাসক শিক্ষার্থীদের মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দেন এবং বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নূর কুতুবুল আলম ও নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান ভূঁইয়াসহ স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা।কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

