জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও আদর্শকে বুকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় সোনালী ব্যাংকের প্রধান শাখায় এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বৃক্ষরোপণ করা হয়।
জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি জেলা কমিটির এই আয়োজনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় রুমানা মাহমুদ আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। তিনি যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে স্বনির্ভর অর্থনীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমাদের নতুন করে শপথ নিতে হবে, যেন তার সততা, দেশপ্রেম ও আদর্শকে বুকে ধারণ করে আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, রাজনীতি মানুষের সেবার জন্য।’
জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসির জেলা কমিটির সভাপতি রেজা আবু নায়েস ফারুকী হীরার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রঞ্জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফয়সাল মাহমুদ, জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আবু হাসিম তালুকদার।
আলোচনা সভা শেষে দোয়া এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে কার্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।

