গ্র্যামিতে জে-জিকে ছাড়িয়ে নতুন রেকর্ড কেনড্রিকের

0
গ্র্যামিতে জে-জিকে ছাড়িয়ে নতুন রেকর্ড কেনড্রিকের

গ্র্যামি অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাস লিখলেন মার্কিন র‍্যাপ তারকা কেনড্রিক লামার। এবারের গ্র্যামির আসরে চারটি পুরস্কার জিতে র‍্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড গড়েছেন তিনি। এত দিন এই কীর্তি ছিল জে-জি’র দখলে। জে-জির মোট গ্র্যামি ছিল ২৫টি, আর কেনড্রিক লামার তা ছাড়িয়ে পৌঁছেছেন ২৬টিতে।

সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় শুরু হয় ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের প্রিমিয়ার পর্বেই কেনড্রিক লামার জিতে নেন তিনটি পুরস্কার। সেগুলো হলো সেরা র‍্যাপ পারফরম্যান্স, সেরা মেলোডিক র‍্যাপ পারফরম্যান্স, সেরা র‍্যাপ সং।

এরপর মূল সম্প্রচার পর্বে তিনি জেতেন সেরা র‍্যাপ অ্যালবামের পুরস্কার। ২০২৪ সালে প্রকাশিত জিএনক্স অ্যালবামের জন্য এই সম্মান পান কেনড্রিক। এই চারটি পুরস্কারই তাঁকে এনে দেয় ঐতিহাসিক রেকর্ড।

দীর্ঘদিন ধরে গ্র্যামির মঞ্চে র‍্যাপ বিভাগে শীর্ষে ছিলেন জে-জি। তবে ২০২৬ সালের আসরে মাত্র চারটি জয় দিয়েই সেই রেকর্ড ভেঙে দেন কেনড্রিক লামার। অনুষ্ঠানের শুরুতেই এই সাফল্য নিশ্চিত হয়ে যায়।

এবারের গ্র্যামিতে সবচেয়ে বেশি মনোনয়নও পেয়েছিলেন কেনড্রিক লামার। তাঁর ঝুলিতে ছিল নয়টি ক্যাটাগরিতে মনোনয়ন। ক্যারিয়ারজুড়ে এখন পর্যন্ত তাঁর মোট গ্র্যামি মনোনয়ন দাঁড়িয়েছে ৬৬টিতে। এই অর্জন তাঁকে সমসাময়িক শিল্পীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও সফল র‍্যাপারদের কাতারে তুলে ধরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here