গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা বিএনপির সদস্য এস এম জিয়াউল কবির বিপ্লব, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ডা. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানাই।
বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগের দুই নেতা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

