গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবা নারীর বাড়িঘর ভাঙচুর, মারধর ও প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার বেলকা ইউনিয়নে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মনববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পূর্ব বেলকা গ্রামের মৃত আমান উদ্দীনের স্ত্রী মেলেকা বেগম (৫২), কালাম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারসহ অনেকে।
সংবাদ সম্মেলনে মেলেকা বেগম অভিযোগ করেন, গত ২১ মে বিকেলে প্রতিবেশী নান্নু মিয়া, রানা মিয়া ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও গবাদিপশুসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে। তাকে ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে দেয়।
তিনি আরও জানান, নদীভাঙনের শিকার ওই পরিবারটিকে একসময় আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু ২০০৭ সাল থেকে তারা জমির মালিকানা দাবি করে মামলা শুরু করে, যা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।
এই দখলের ঘটনার পর সুন্দরগঞ্জ থানা প্রথমে অভিযোগ না নেওয়ায়, গত ৬ জুন তিনি আদালতে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি করে মামলা করেন। আদালত ইতোমধ্যে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

