মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আজ শুক্রবার বিকেলে ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী এলাকার ঘটকের খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খাল খননের কাজ শেষ হওয়ার পর খালের দুই পাড়ের রাস্তায় গাছ লাগানো হবে। এরই অংশ হিসেবে আজ আমরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছি। এখানে কয়েক হাজার গাছ রোপণ করা হবে, যা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
খোকন তালুকদার আরও বলেন, ‘অক্সিজেন ও পানির এই ধারাবাহিকতা আমরা যদি বজায় রাখতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নানা ঝুঁকি ও পরিবেশগত বিপর্যয় থেকে দেশকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে। সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’
এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

