কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান

0
কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও আড্ডায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।

মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান তিনি। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের কন্যা মেহভীন রহমান মুনিয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, শুরু থেকেই প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন জাইমা রহমান। তিনি শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন, আগ্রহ ও লক্ষ্য সম্পর্কে জানতে চান। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনার একপর্যায়ে তিনি নিজের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতাও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। শিশুদের কাছে জানতে চান তারা রান্না করতে পারে কি না। কয়েকজন শিক্ষার্থী ইতিবাচক উত্তর দিলে তাদের এলাকায় গেলে কী খাওয়াবে, সে বিষয়েও মজার আলাপ করেন। জবাবে শিশুরা বিরিয়ানি রান্না করে খাওয়ানোর কথা জানালে তিনি বিরিয়ানির সঙ্গে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছার কথাও জানান।

অনুষ্ঠানে অংশ নেওয়া রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান ওসমান রাহিন বলে, আমার খুব ভালো লেগেছে। প্রধানমন্ত্রীর কন্যা এত কাছে এসে আমাদের সঙ্গে গল্প করবেন, তা ভাবতে পারিনি। তিনি আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার পরামর্শ দিয়েছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বাবলী বলেন, শিশুরা প্রধানমন্ত্রীর কন্যার সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছে। তিনি প্রতিটি শিশুর কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া বলেন, এ ধরনের আয়োজন শিশুদের অনুপ্রাণিত করে। তারা নিজেদের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ পায়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, আমরা আশা করিনি তিনি এত দীর্ঘ সময় শিক্ষার্থীদের সঙ্গে কাটাবেন। প্রতিটি শিশুর সঙ্গে আলাদা করে কথা বলেছেন। বিষয়টি শিশুদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তাদের উৎসাহিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here