কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীর জয়

0
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীর জয়

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন আবেলার্দো দে লা এসপ্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী হিসেবে পরিচিত এসপ্রিয়া খুবই কম ব্যবধানে জিতেছেন বলে জানাচ্ছে সে দেশের নির্বাচনী সংস্থা। সোমবার ফরাসি বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, এসপ্রিয়া ৪৯ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি সিনেটর আইভান সেপেদা পেয়েছেন ৪৮ দশমিক ৭০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, আবেলার্দোর (৪৭) জয়ে বোগোতার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

ক্যারিবীয় শহর বারানকিয়ায় বুলেট প্রুফ কাঁচের পেছনে দাঁড়িয়ে আবেলার্দো বলেন, ‘আমরা একটি নতুন যুগ শুরু করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘যারা বছরের পর বছর সহিংসতা, সন্ত্রাস, মাদক পাচার ও দুর্নীতিতে জড়িয়ে ছিলেন, তাদের সময় ফুরিয়ে এসেছে।‘

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ওই অঞ্চলের অন্যান্য ডানপন্থি নেতারা ইতোমধ্যে আবেলার্দোকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সমাজ মাধ্যম এক্সে পোস্ট করে আবেলার্দোকে শুভেচ্ছা জানান। 

তিনি বলেন, ‘আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সহযোগিতার সম্প্রসারণ, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধ ও আমাদের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরালো করতে ট্রাম্প প্রশাসন আপনার নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

এর আগে আবেলার্দো দে লা এসপ্রিয়ার প্রার্থিতাকে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।

রোববার নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প বলেন, ‘তিনি বড় বিজয় অর্জন করেছেন।’

আবেলার্দোর জয়ের খবর ছড়িয়ে পড়ার পর কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর কালিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানে বিক্ষোভকারীরা মার্কিন পতাকা পুড়িয়ে আবেলার্দোর প্রতি ঘৃণা প্রকাশ করেন। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে হাজারো বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here