এবার কি কাটবে রোনালদোর নকআউট ‘গোলখরা’?

0
এবার কি কাটবে রোনালদোর নকআউট ‘গোলখরা’?

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলের ইতিহাসে ছয়টি বিশ্বকাপ খেলা মাত্র দুই খেলোয়াড়ের একজন হলেও, নকআউট পর্বে এখনও গোলের খাতা খুলতে পারেননি এই পর্তুগিজ মহাতারকা।

গ্রুপ পর্বে একাধিকবার দলের ভরসা হয়ে উঠলেও নকআউট ম্যাচে রোনালদোর পরিসংখ্যান শূন্য। না আছে কোনো গোল, না কোনো অ্যাসিস্ট। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোয়ের ম্যাচে তার ওপর চাপ আরও বেড়েছে।

চলতি আসরে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেও পরের দুই ম্যাচে ডিআর কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে তিনি গোল পাননি। তিনটি ম্যাচেই পুরো ৯০ মিনিট খেললেও প্রত্যাশিত প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন তিনি।

এবারের নকআউটে পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, যারা ইউরোপের অন্যতম সংগঠিত রক্ষণভাগের জন্য পরিচিত। তাদের বিপক্ষে গোল করা সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে রোনালদো যদি এই ম্যাচেই নকআউটের প্রথম গোল করতে পারেন, তাহলে দীর্ঘদিনের সমালোচনার জবাবও দিয়ে দিতে পারেন তিনি।

চাপে রয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজও। সমালোচকদের মতে, তিনি রোনালদোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছেন এবং দলের শক্তিশালী মিডফিল্ডকে যথাযথভাবে ব্যবহার করতে পারছেন না।

৪১ বছরের কাছাকাছি পৌঁছে যাওয়া রোনালদোর জন্য এটাই হয়তো শেষ বিশ্বকাপ। ক্লাব ও জাতীয় পর্যায়ে প্রায় সব বড় শিরোপা জিতলেও বিশ্বকাপ এখনও তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here