কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়াপ্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত ভোররাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সেহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার সময় ঘরের কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। এতে পরিবারটির সন্দেহ, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।
নিহতের ভাশুর আবদুল আলম জানান, লালা বিবির গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
তিনি অভিযোগ করেন, ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পূর্ব থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে পরিবারের সন্দেহ।
স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

