ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় মো. কাশেম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে আখাউড়ার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশেম মিয়া সিএনজিচালিত অটোরিকশাযোগে বিজয়নগরে যাওয়ার পথে আখাউড়া উপজেলার খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে যাচ্ছিলেন কাশেম মিয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন। দুর্ঘটনার পর সিএনজিচালক ও ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই বাড়িতে নিয়ে গেছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত করা হয়নি। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

